গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন (৩৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর (চাঁদপাড়া) গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন ও নাহিদ হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে। এরমধ্যে নুরুল ইসলাম ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ হোসেন রংপুর চিনিকলের একজন শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ীতে বিদ্যুতের লাইন ঠিক করছিলো নাহিদ হোসেন। এসময় হঠাৎ করে নাহিদ বিদ্যুতায়িত হয়। নাহিদের বিদ্যুতায়িত দেখে তার বড় ভাই নুরুল আমিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুর বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

