বাকৃবি কর্মচারীদের দক্ষতা বাড়াতে শুরু হলো দুই প্রশিক্ষণ কোর্স

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কর্মক্ষেত্রে কার্যকারিতা বাড়াতে দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) উদ্যোগে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ এবং ‘বেসিকস অব এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স দুটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল হক।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ডা. সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথিরাও প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে প্রশিক্ষণের বিষয়বস্তু যথাযথভাবে আয়ত্ত করার জন্য আমি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। এর মাধ্যমে ব্যক্তিগত কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কোর্স দুটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগ থেকে মোট ৬০ জন কর্মচারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দুটির মাধ্যমে তাঁদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

*********************

আরাফাত হোসাইন/ এসবি

  •  
  •  
  •  
  •