বাকৃবির পুকুরে ৩০০ কেজি পোনা অবমুক্ত, মৎস্যসম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি

দেশের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবহার ও উৎপাদন সক্ষমতা বাড়াতে জলাশয়ভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলসংলগ্ন পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মোট ৩০০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে দেশের বিভিন্ন জলাশয়ে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম-২০২৬’ বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় জলাশয়গুলোতে মাছের পোনা সরবরাহ ও অবমুক্ত করা হচ্ছে, যাতে প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোকে মাছ উৎপাদনের উপযোগী করে তোলা যায়। বাকৃবিতে কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে ময়মনসিংহ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ এবং ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর। এ ছাড়া ময়মনসিংহের বিভিন্ন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন বলেন, জলাশয়ে পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। তবে এ উদ্যোগ শুধু উন্মুক্ত জলাশয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরকেও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, স্কুল ও কলেজের অনেক পুকুর যথাযথ ব্যবস্থাপনা কিংবা প্রয়োজনীয় সক্ষমতার অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব জলাশয়কে মাছ উৎপাদনের কাজে লাগানোর মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ২০১৮ সালে এ অর্জন সম্ভব হয়েছে। এখন উৎপাদিত মাছের একটি অংশ বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, মাছ রপ্তানির ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দেশের ভোক্তাদের জন্যও নিরাপদ মাছ সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কেবল বিদেশি বাজারের চাহিদা পূরণ নয়, দেশের মানুষের পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষাও মাছ উৎপাদনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত। বিদেশি ভোক্তাদের জন্য যে মানের মাছ নিশ্চিত করার চেষ্টা করা হয়, দেশের সাধারণ মানুষ ও শিশুদের জন্যও একই মানের নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করা প্রয়োজন। এটি শুধু দায়িত্ব নয়, নৈতিক বাধ্যবাধকতাও।

তিনি আরও বলেন, পুষ্টিকর ও নিরাপদ মাছ মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান এবং নিরাপদ খাদ্য সরবরাহের ওপরও গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্টদের মতে, অব্যবহৃত জলাশয়কে পরিকল্পিত মাছ চাষের আওতায় আনা গেলে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তবে পোনা অবমুক্ত করার পর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণ করা জরুরি। এসব বিষয়ে যথাযথ নজরদারি থাকলে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মাছের প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

  •  
  •  
  •  
  •