শিক্ষার মানোন্নয়ন ও হলের সিট ব্যবস্থাপনা নিয়ে বাকৃবিতে মতবিনিময় সভা

 

 

বাকৃবি প্রতিনিধি:

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার মানোন্নয়ন, আবাসিক হলগুলোর সিট ব্যবস্থাপনা ও ছাত্রশৃঙ্খলা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, মাদক, চুরি ও ছিনতাইমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

 

সভায় বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর ড. মো. রুহুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুশাররফ উদ্দিন ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ড. মো. মোজাম্মেল হক, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক ড. মো. বদিউজ্জামান খান এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আবাসিক হলগুলোর সিট ব্যবস্থাপনা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্যাম্পাসে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জরুরি করণীয় নির্ধারণের বিষয়ে উপস্থিত সদস্যরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “ছাত্রশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্ভব সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্য অর্জনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

 

আরাফাত হোসাইন/এসবি

  •  
  •  
  •  
  •