বাকৃবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের চাবি হস্তান্তর, শিগগিরই শুরু হচ্ছে কার্যক্রম

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইউনিভার্সিটি ইনোভেশন হাবের (UIH) আনুষ্ঠানিক চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে হাবটির পরিচালনা ও কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হাবটির কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ডিইআইইডি (DEIED) প্রকল্পের আওতায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী রেজা ফারুকের কাছে হাবের চাবি হস্তান্তর করেন। এর মাধ্যমে ইউনিভার্সিটি ইনোভেশন হাবটি পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় স্থাপিত এ ইনোভেশন হাব শিক্ষার্থী, মেন্টর ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবসম্মত প্রোটোটাইপ এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে নিয়ে আসা এবং নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রেও হাবটি সহায়ক ভূমিকা রাখবে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক, হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল আলীম, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ফৌজিয়া আক্তার, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম এবং সদস্যসচিব কৃষিবিদ মোহাম্মদ সফিউল্লাহ।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রকল্প পরিচালকের সঙ্গে ইউনিভার্সিটি ইনোভেশন হাবটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা হাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

ইউনিভার্সিটি ইনোভেশন হাব চালুর মাধ্যমে বাকৃবির শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক উদ্যোগ, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাকে বাস্তবমুখী উদ্যোগে রূপান্তর, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও বাড়বে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গবেষণাকে প্রযুক্তি ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও হাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  •  
  •  
  •  
  •