সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিন উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থা একটি রিট আবেদন দায়ের করে।

রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে কোন কর্তৃত্ববলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, এই প্রশ্নেও রুল জারির আবেদন জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: