দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম
নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম কবিতা খানম।
সোমবার রাতে অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তাকে এ নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দেশের ১১তম নির্বাছন কমিশনার হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। তার নেতৃত্বে পরবর্তী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন ইসি’র নতুন সদস্যরা।
কবিতা খানম রাজশাহী জেলার সাবেক দায়রা জজ আদালতের বিচারক ছিলেন। বাকি কমিশনাররা হলেন- সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।
এর আগে গত মাসে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওই সময় ইসিতে একজন নারী কমিশনার রাখতেও বলা হয় সার্চ কমিটিকে।
দফায় দফায় বৈঠক ও রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চেয়ে ১০জনের নামের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয় কমিটি। পরে রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও প্রয়োজন সাপেক্ষে কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন।

