আমেরিকায় সিনাগগে হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক:
এবার আমেরিকায় ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন। শ্রীলঙ্কায় গির্জা ও বিলাসবহুল হোটেলে হামলার রেশ কাটতে না কাটতেই আমেরিকায় এ হামলার ঘটনা ঘটলো।
ক্যালিফোর্নিয়ার উত্তরের শহর সান দিয়াগোর পোয়েতে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, হামলার ঘটনায় জন আর্নেস্ট নামে ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হামলার সময় ওই সিনাগগে একটি বাৎসরিক অনুষ্ঠান চলছিল। বন্দুকধারী সিনাগগে ঢোকার সময় এক রাব্বি বা ইহুদি পন্ডিত বাধা দিলে তার মাথায় গুলি চালানো হয় বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
পুলিশ হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে না জানাতে পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলা সাম্প্রদায়িক ঘৃণ্য থেকে চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন। আহত হয় ৫০০ শতাধিক মানুষ।
বিবিসি বলছে, এ ঘটনার ছয় মাস আগে পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে হামলায় ১১ জন নিহত হয়। যা ছিল আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অ্যান্টি-সেমিটিক হামলা।

