ফেনীর কৃষকরা ভুট্টায় লাভবান হওয়ার সম্ভবনা দেখছেন
নিউজ ডেস্কঃ
বোরো ধানের চাষ করা জমিতেই কম খরচে ভুট্টা চাষ করছেন ফেনীর কৃষকরা। এতে প্রচুর লাভবান হচ্ছে তারা। দিন-দিন সম্ভাবনাময় হয়ে উঠছে ভুট্টা চাষ পদ্ধতি। সবাই এ চাষে আগ্রহ প্রকাশ করছে। বাসস
ফেনীর কাজিরবাগে ভুট্টা চাষী কৃষক আব্দুল হাই বলেন, বোরো মৌসুমে ধানের চেয়ে ভুট্টা চাষ বেশি লাভজনক। এছাড়াও একই জমিতে একইসময় সবজি চাষ করার সুযোগ রয়েছে। ফলে লাভ বেশি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার ১৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২৫ হেক্টর, সোনাগাজীতে ৪৭ হেক্টর, ছাগলনাইয়া ২১ হেক্টর, পরশুরাম ৭ হেক্টর, দাগনভূঞায় ১৫ হেক্টর এবং ফুলগাজী ২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা ও কৃষি সম্প্রসারণের প্রদর্শনীর মাধ্যমে চাষ হয়েছে ৩৪ হেক্টর। বাকি ১০৬ হেক্টর কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কৃষক ব্যক্তিগত উদ্যোগে করেছে। কৃষি কর্মকর্তা ও অফিসাররা নিয়মিত কৃষকদের ভুট্টা চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। যাতে তারা ভুট্টা চাষে আরও বেশি আগ্রহী হয়।
কৃষি কর্মকর্তারা বলেন, ফেনীতে ভুট্টা চাষ দিন-দিন উন্নতির দিকে যাচ্ছে। সরকারের সহায়তা ও কৃষকের আগ্রহ বিদ্যমান থাকলে এই অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে স্বাবলম্বী হয়ে উঠবে।

