আত্মীয়ের মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৫

death

নিউজ ডেস্কঃ আত্মীয়ের মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকিরা একই পরিবারের সদস্য।

রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। আহতরা হলেন সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠছিল। এসময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন।

  •  
  •  
  •  
  •