দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে: পরিবেশমন্ত্রী
নিউজ ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। এছাড়া আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। সেজন্য সরকার বসে নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ‘কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ও যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে কোভিড-১৯ জরুরি চিকিৎসাসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় রয়েছে আর আমাদের সরকার জনগণের জন্য কী কাজ করছে তা খতিয়ে দেখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের ঊর্ধ্বে কতজন ভ্যাকসিন নেয়া বাকি আছে সেই তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান।
উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লাখ টাকা মূল্যের জরুরি চিকিৎসাসামগ্রী দেয়া হয়। এর মধ্যে রয়েছে ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ২টি হাইফ্লো নেজাল ক্যানুলাসহ বিবিধ চিকিৎসাসামগ্রী।
এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করে। পরে জরুরি চিকিৎসাসামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

