বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে রাস্তায় পিষ্ট হলো শিশু
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির ওই বাসটি মো. তৌফিক নামের পাঁচ বছর বয়সী শিশুকে চাপা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, “জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুকে ধাক্কা দেয়। এতে মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি আরোও জানান, “ঘটনার পর বাসটি পালিয়ে যাচ্ছিল। বাসলীতলা এলাকায় লোকজন বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়েছে। বাসটি থানায় নেওয়া হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি নয়। তাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

