পদত্যাগের পর মুরাদের ফেসবুক কমেন্ট নিয়ে সমালোচনা
নিউজ ডেস্ক: পদত্যাগপত্রে ভুলের পর এবার ফেসবুকে মন্তব্য করতে গিয়েও ‘ভুল’ করলেন সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন মুরাদ হাসান। সেখানেই মন্তব্য করতে গিয়ে ‘ভুল’ করে বসেন তিনি।
প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়ার পর নাগাল পাওয়া যাচ্ছিল না তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের; শেষ পর্যন্ত ফেসবুকে এ বিষয়ে তার প্রতিক্রিয়া মেলে।
এক পোস্টে তিনি লেখেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।‘
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই পোস্টে পরে নিজেরই একটি মন্তব্য করতে গিয়ে ভুল করে বসেছেন মুরাদ। মন্তব্যে তিনি লিখেছেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেওয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।
মুরাদ হাসানের ওই মন্তব্যে অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। কিন্তু নিজেই নিজেকে ‘আপনি’ সম্বোধন করে মন্তব্য করায় মুরাদের ওপর এক চোট নিয়েছেন অনেকেই।
রাত সাড়ে সাতটা পর্যন্ত মুরাদ হাসানের ভেরিফাইড ফেসবুক পেজের ওই পোস্টে এক লাখ ১০ হাজার লাইক ও ৪৭ হাজার কমেন্ট পড়েছে। এটি শেয়ার হয়েছে চার হাজার।
সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
এরই মধ্যে রোববার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি।
ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। ইমন বলেন, ‘যা শুনেছেন তাই। এটি আসলে বছরখানেক আগের ঘটনা। একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। বাকিটা তো আপনারা শুনেছেনই।’

