দেশের অভ্যন্তরীণ রাজস্বের প্রধান ও অন্যতম উৎস ভ্যাট; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:

রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১০ ডিসেম্বর শুক্রবার ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের আপামর জনসাধারণ, ব্যবসায়ী এবং ভ্যাট আহরণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

৭০-এর নির্বাচনী ইশতিহার অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প-ভিত্তিক অর্থনীতির বিকাশ এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন। অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ৭৬ নম্বর অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন।

শেখ হাসিনা বলেন, “২০০৯ সালে সরকার গঠনের পর আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ প্রণয়ন করি এবং তা বাস্তবায়নের অংশ হিসেবে ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় ঘরে বসেই অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট রিটার্ন দাখিলের যাবতীয় কার্যক্রম সম্পাদনের সুযোগ সৃষ্টি করি। আমরা ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় ১৪টি ব্যাংকের মাধ্যমে ই-পেমেন্ট মডিউল বাস্তবায়ন করছি। এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে রেভিনিউ একাউন্টিং মডিউল, রিফান্ড মডিউল, রেভিনিউ ম্যানেজমেন্ট মডিউল এবং কেইস ম্যানেজমেন্ট মডিউলসহ ১২টি মডিউল প্রস্তুত করেছি। আমাদের সরকার শতভাগ ভ্যাট অটোমেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশ কাস্টমসকে আধুনিকায়নের লক্ষে- এর মানোন্নয়ন, স্বয়ংক্রিয় কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা এবং বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণসহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছি।

প্রধানমন্ত্রী আরোও বলেন, করোনাভাইরাস মহামারির সময়েও ভ্যাট কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব আহরণে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন- এজন্য আমি তাদের এ প্রচেষ্টাকে আবারও সাধুবাদ জানাই।

প্রধানমন্ত্রী ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

  •  
  •  
  •  
  •