কুমিল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
নিউজ ডেস্ক:
চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলাকালে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, সকাল সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আধা ঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

