বাকৃবির অধ্যাপক গিয়াস উদ্দিন আর নেই

নিউজ ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন, এ‍কোয়াকালচার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, স্বনামধন্য বিজ্ঞানী ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. গিয়াস উদ্দিন আর নেই।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে  তিনি ঢাকার ইউনাইটেড লিমিটেড হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সকাল ১০টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, “অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদের নামাজে জানাজা শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের পেকুয়ার শিলখালীতে অনুষ্ঠিত হবে। শীলখালীর পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।”

তার পরিবারের সদস্যরা শুক্রবার বাকৃবিতে তার জন্য গায়েবানা জানাজার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন এবং দোয়ারও অনুরোধ করেছেন।

অধ্যাপক ড. গিয়াস উদ্দিন ১৯৫৬ সালে কক্সবাজারের পেকুয়ার শিলখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে প্রভাষক পদে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অধ্যাপক হন। তিনি ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত বিভাগীয় প্রধান এবং ২০১৭-২০১৯ পর্যন্ত অনুষদের ডিন হিসেবে সাফল্যের সহিত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মৎস্য সেক্টরে তার রয়েছে অনবদ্য অবদান।

তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাকৃবির শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •