দ্বিতীয় ডোজের ৪ মাস পর বুস্টার ডোজ
নিউজ ডেস্ক:
করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ২৬তম জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা ছিল ছয় মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমরা সময়সীমা কমিয়ে এনেছি। এরই মধ্যে যারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন,আমরা তাদের বলবো-চার মাস বা তার বেশি সময় পার হয়ে গেলে তারা যেন টিকা কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২ বছরের উর্ধ্বে যারা রয়েছে তাদের সবাইকেই টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পেলেই ১২ বছরের নিচে বয়সীদের টিকা দেওয়া হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমুখ।

