গোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজের, গোল্ডেন বুট এমবাপের

স্পোর্টস ডেস্কঃ

স্মরণীয় কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন বল’ জিতেছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে ৭ গোল করা ৩৫ বছর বয়সী মেসি এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙলেও টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি। এ নিয়ে ইতিহাসে তৃতীয়বার আর্জেন্টিনার কোনো খেলোয়াড় গোল্ডেন বল জিতলেন। ১৯৮২ সালে এই পুরস্কার চালু হওয়ার পর ১৯৮৬ বিশ্বকাপজয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা জিতেছিলেন এই পুরস্কার।

এদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন। ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারে কোম্যানের শট ফিরিয়ে দেন তিনি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পেনাল্টি শ্যুটআউটে দুই শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জয় করে নিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ৮ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলে এবারের আসরের সর্বোচ্চ গোলস্কোরার এই ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে দুজনই নেমেছিলেন গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে থেকে। এক পর্যায়ে ফরাসি তারকাকে ছাড়িয়েও গিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু দারুণ এক হ্যাটট্রিকে পিএসজি সতীর্থকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন ২৩ বছর বয়সী এমবাপেই।

  •  
  •  
  •  
  •