তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ডেস্ক: হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
যার প্রভাবে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিকে এ লঘুচাপের প্রভাব পড়েছে দেশ জুড়ে প্রবাহিত শৈত্যপ্রবাহেও। আগের দু’দিনের তুলনায় গতকাল মঙ্গলবার অনেক এলাকার তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীত জেঁকে বসেছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় মানুষের চলাচল একবারেই সীমিত রয়েছে। নিতান্তই প্রয়োজন বা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথেঘাটে। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় জেলায় বাতাসে আর্দ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ছিল।

