ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা

nur

নিউজ ডেস্কঃ ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রাম ও রাজশাহীতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামের মামলাটি দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদি আজিজ মিসির অভিযোগ করেছেন, নূর ব্যক্তিগত আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন।

বাদি কোতোয়ালী থানার কোর্ট হিলে আইনজীবী এনেক্স ভবনের-১ নিচতলায় অ্যাডভোকেট তসলিম উদ্দিনের চেম্বারে বসে নূরের এ বক্তব্য শোনেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাজশাহীতে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি। বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

তৌরিদ আল মাসুদ রণি বলেন, নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’

এ বক্তব্যের পর নূরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে ইতোমধ্যে মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •