‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে’: ত্ব-হার স্ত্রী
নিউজ ডেস্কঃ জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার।
তিনি ত্ব-হার সন্ধান চেয়ে বলেছেন, ‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। ওকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।’
বুধবার (১৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে দেশের প্রচলিত আইনে তার বিচার করা হোক। কিন্তু তিনি নিখোঁজ কেন?
এর আগে তিন সফরসঙ্গীসহ রংপুর থেকে ঢাকায় ফেরার পথে গত বৃহস্পতিবার নিখোঁজ হন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহম্মদ আদনান।
তার স্ত্রী সাবিকুন্নাহার জানিয়েছেন, তার স্বামী গত ১০ জুন রংপুর থেকে বগুড়ার উদ্দেশে ভাড়া করা গাড়িতে রওনা করেছিলেন। সেখানে একটি অনুষ্ঠানে তার বক্তৃতা করার কর্মসূচি ছিল। অনুষ্ঠানটি না হওয়ায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন মো. মুহিদ ও মো. আমির। গাড়ি চালাচ্ছিলেন চালক মো. আমির।
আবু ত্ব-হা সে সময় ফোনে জানিয়েছিলেন, দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি তার গাড়ি অনুসরণ করছে। আবু ত্ব-হা রাত ২টা ৩৭ মিনিটে তার স্ত্রীকে গুগল ম্যাপ পাঠান। সেই ম্যাপ অনুযায়ী আবু ত্ব-হার তখনকার অবস্থান ছিল গাবতলীর কাছাকাছি। মিরপুরের বাসা থেকে তিনি ১৭ মিনিটের দূরত্বে ছিলেন। এরপর থেকে আবু ত্ব-হার ফোন বন্ধ রয়েছে। তার গাড়িচালকেরও ফোন বন্ধ রয়েছে।
আবু ত্ব-হার পরিবারের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, গাড়িসহ চারজন মানুষকে এভাবে গায়েব করে দেওয়া কোনো ‘প্রাইভেট সংঘের’ কাজ নয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের উদ্ধার করার সম্ভব।
এদিকে আবু ত্ব-হার সন্ধান চেয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

