চিকিৎসকের পরিবর্তে অস্ত্রোপচার করেন নার্স; নবজাতকের মাথা কেটে রক্তপাত
নিউজ ডেস্ক:
ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বদলে এক অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার করেছেন নন-ডিপ্লেমা নার্স। অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথার বাম পাশের কিছু অংশ কেটে গেছে। শিশুটির মাথায় ৯টি সেলাই লেগেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আল মদিনা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় হাসপাতালের ২ পরিচালকসহ অভিযুক্ত নার্সকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন- পলাশ মোল্লা, আল হেলাল ও নার্স চায়না বেগম।
এই ঘটনায় ওই হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন।
যে নারীর অস্ত্রোপচার করা হয়েছে তার নাম রুপা বেগম। রুপা বেগমের স্বামী জানান, তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সকালে তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়ে আসেন। তাদের ইচ্ছা ছিল সরকারি ওই মেডিকেলে অস্ত্রোপচার করানোর। কিন্তু ওই হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত একটি দ্বিতল ভবনের আল-মদিনা প্রাইভেট হাসপাতালের কয়েকজন কর্মচারি তাদেরকে দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে সেখানে নিয়ে যান। তারপর ডাক্তারের কথা বলে নন-ডিপ্লেমা নার্স দিয়ে অস্ত্রোপচার করানো হয়। এসময় তিনি শিশুটির মাথার কিছু অংশ কেটে ফেলেন। পরবর্তীতে শিশুটির মাথা থেকে অতিরিক্ত রক্তপাত হয় এবং সেলাইয়ের প্রয়োজন হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে বলা হয়- অপারেশনে জটিলতা দেখা দিয়েছিল। এটি তেমন গুরুতর কোনো বিষয় নয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বিষয়টি চেপে যেতে বলেন। আমি পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানাই।’
বর্তমানে মা ও শিশু উভয়ই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ।

