নতুন ১১ প্রতিষ্ঠানে শুরু হচ্ছে করোনা নমুনা পরীক্ষা

করোনা ডেস্কঃ

করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা কেন্দ্র সম্প্রসারণে ঢাকার ভিতরে পাঁচটি ও ঢাকার বাইরে ছয়টিসহ আরো ১১টি কেন্দ্রে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ভিতরে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

এছাড়া ঢাকার বাইরের প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও কুষ্টিয়া মেডিক্যালকলেজে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হবে।

এতদিন সারাদেশে ১৭টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিল। এর মধ্যে ঢাকার ভিতরের নয়টি প্রতিষ্ঠান ও ঢাকার বাইরে প্রতিষ্ঠান আটটি।

  •  
  •  
  •  
  •