সব রেকর্ড ভেঙে আজ করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগের তিন দিনে যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৪১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৪৩৭ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৫৩ লাখ এক হাজার ৫৮১ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৬১ জনের।

