করোনায় আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০৪
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।
শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৯ হাজার ১৩৯ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৯টি, জিন এক্সপার্ট ৩৯টি, র্যাপিড অ্যান্টিজেন ৩১৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩৯৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন।

