আবার বাড়লো পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক: আইপির (আমদানি আনুমতি) মেয়াদ শেষ হওয়ায় টানা ৪ দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে বন্দরের মোকামে বেড়েছে পেঁয়াজের দাম।

পেঁয়াজের আমদানি বন্ধ থাকলে আসন্ন কোরবানি ঈদে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে স্থানীয় আড়তগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান আমদানিকারকরা। চলতি মাসের ৫ তারিখে আইপি মেয়াদ শেষ হওয়ায় এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আইপি না পেলে অনির্দিষ্ট সময়ের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে বলে জানান আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘আইপি মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছি না। গেল ৫ মে আমাদের আইপি মেয়াদ শেষ হয়ে যায়। এতে তিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও কোরবানি ঈদে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। আড়তে আমদানিকারকদের পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ আছে।’

এদিকে বন্দরের মোকামে কেজিতে পেঁয়াজের দাম পাইকারিতে অন্তত ৭ টাকা করে বেড়েছে। তবে খুচরা বাজারে ৮-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপসহকারী ইউসুফ আলী বলেন, পেঁয়াজ আমদানিতে আইপি অনুমোদন সরকারিভাবে ২৯ মার্চ পর্যন্ত থাকলেও রমজান মাসে বাজার স্বাভাবিক রাখতে সরকার আইপি মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে দেয়। ৫ মে আইপি মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অনুমোদন না থাকায় এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা।

  •  
  •  
  •  
  •