আবারও বেড়েছে মুরগির দাম
নিউজ ডেস্ক: মহামারীর ধাক্কায় উৎপাদন কমে যাওয়া এবং লকডউন শেষে পোল্ট্রি ফিড ও বাচ্চার দাম বেড়ে যাওয়ার কারণেই বাজারে দামের এ অস্থিরতা চলছে বলে মনে করছে প্রাণি সম্পদ অধিদপ্তর। বাজার স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলেও সরকারি এ দপ্তরের ধারণা।
পোল্ট্রি খাত সংশ্লিষ্টরাও দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে একই কথা বলে আসছেন।
ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম গত সপ্তাহে কেজিতে ১৫ টাকা করে কমলেও চলতি সপ্তাহে তা আবার বেড়ে আগের অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরের পীরেরবাগ ও বড়বাগ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৬৫ টাকা থেকে ১৭০ টাকার মধ্যে, যা গত সপ্তাহে কমে ১৫০ টাকায় নেমেছিল।
ব্রয়লারের সঙ্গে তাল মিলিয়ে লেয়ার মুরগিও বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৪০ টাকায়, যা গত সপ্তাহে ২৩০ টাকায় নেমেছিল। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা একমাস আগে ছিল সাড়ে ৩০০ টাকা। দুই মাস আগে ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে পাওয়া যেত এ জাতের মুরগি।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত দুই মাস ধরেই মুরগির বাজারে দাম বেড়েই চলেছে। অস্থিরতার বাজারে মাঝেমধ্যে অল্প একটু কমলেও বাড়ছে আরও বেশি। চলতি সপ্তাহের দর ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা।

