আগামী বছর থেকে শুরু হবে ময়মনসিংহে প্রস্তাবিত দ্বিতীয় সেতুর কাজ
নিউজ ডেস্ক: বিভাগীয় শহর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর একটি মাত্র সেতু দিয়ে দূরপাল্লার বাস, গাড়ি ও ৩টি স্থলবন্দরের শত শত মালবাহী যান চলাচল করে। এতে সেতু পার হতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগে। যানজট নিরসনে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও আজও শুরু হয়নি নির্মাণকাজ।
তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী বছর শুরু হতে পারে প্রস্তাবিত দ্বিতীয় সেতুর কাজ। সেতুর ওপর ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে আছে যানবাহন। একপর্যায়ে তীব্র যানজটে অতিষ্ঠ যাত্রীরা পরিবহন ছেড়ে পায়ে হেঁটেই পার হয় সেতু।
সরু এই সেতু দিয়ে বাস, মালবাহী ট্রাক, সিএনজি, ব্যক্তিগত গাড়ি, এমনকি রিক্সা চলাচল করায় প্রতিদিনই তীব্র যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। নেত্রকোনা, শেরপুরসহ কিশোরগঞ্জের কয়েকটি উপজেলার যানবাহন এই সেতু পার হয়ে ঢাকায় যাতায়াত করায় যানজট লেগেই থাকে।
আগামী বছরের মাঝামাঝি সময়ে সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে আশা সেতুটি বাস্তবায়নকারী সংস্থা ময়মনসিংহ জোনের সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের।
ব্রহ্মপুত্রের উপর প্রস্তাবিত সেতুটি হবে পরিবেশবান্ধব আর্চ স্টিল সেতু যার পিলার হবে নদের দুই পাশে। সেতু প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৬৩ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৯০৯ কোটি টাকা উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।

