ওসমানী বিমানবন্দরে আবর্জনার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ
নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যাত্রীরা নেমে যাওয়ার পর আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, আমাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে করে স্বর্ণ আসতে পারে। কিন্তু, সব যাত্রীদের তল্লাশি করা হলেও কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে বিমানের আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণ উদ্ধার হয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমানের বিভিন্ন ফ্লাইট থেকে প্রায় নিয়মিত অবৈধভাবে আশা স্বর্ণের বার উদ্ধার করা হচ্ছে। এ সময় স্বর্ণের বারসহ কয়েকজন যাত্রীকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালের ফ্লাইটে সংশ্লিষ্ট যাত্রী স্বর্ণ আনলেও গ্রেপ্তার হওয়ার ভয়ে শেষপর্যন্ত তিনি বিমানের ময়লার ঝুঁড়িতে তা ফেলে দিয়েছেন বলে ধারণা করছেন রাজস্ব কর্মকর্তারা।

