ডোবায় মিললো মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ
নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ডোবায় পেয়েছেন স্থানীয়রা।
গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়ার রেহাই গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।
এদিকে, সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেহাই গাবসারা গ্রামের বাসিন্দারা জানান, শুক্রবার সকালে ক্লিনিকের পাশের একটি ডোবায় বিভিন্ন ধরনের ওষুধ দেখাযায়।পরে ইউপি চেয়ারম্যান এসে ওষুধগুলো উদ্ধার করে ইউপি সদস্যের কাছে জমা দেন।
রেহাই গাবসারা গ্রামের বাসিন্দারা বলেন,অধিকাংশ সময় বন্ধ থাকে ক্লিনিক। এক দেড় মাইল হেঁটে এসে ওষুধ না পেয়ে চলে যেতে হয়েছে। অথচ গরীবের ওষুধ পাওয়া যায় ডোবার মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেলো কেমনে ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হতো।ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম ভূঞাপুর শহরে থাকেন। চরের ক্লিনিকে মাঝেমধ্যে আসেন। রোগীদের ঠিকমতো ওষুধ দেন না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। ওষুধ জমাতে জমাতে সেগুলোর মেয়াদ শেষ হলে তার লোকজন দিয়ে ডোবায় ফেলে দেন।
গাবসারা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সরকারী নূরুল ইসলাম নুরু বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কমিউনিটি ক্লিনিকের না। ক্লিনিক থেকে অনেক দূরে একটি ডোবায় পাওয়া গেছে। তবে বেশি ওষুধ সেখানে পাওয়া যায়নি। ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন নারী দায়িত্বে রয়েছেন।

