বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ
নিউজ ডেস্ক:
সারাদেশে গ্রিড বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।বুধবার (৫ অক্টোবর) সকালে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল রাত ১০টা থেকেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
এদিকে, দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেও বলে জানান তিনি।
মঙ্গলবার বেলা ২টার পরপর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
মানিকনগর ও হাসনাবাদ গ্রিড সাবস্টেশন-এর অধীনে ঢাকা শহরের কিছু অংশে এবং সন্ধ্যা ৭টার মধ্যে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়। তবে রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

