রামপাল চুক্তি বাতিলসহ ৬ দফা দাবীতে বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল ও ক্যাম্পাসের সমস্যা সংকট নিরসনে ছয় দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার সময় ঐ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহ- সভাপতি জুনায়েদ হাসান প্রমূখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলসহ নতুন ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’, বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করাসহ ছয় দফা দাবী পেশ করেন।
ছয় দফা দাবীসমূহ:
১। নতুন ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’ করতে হবে।
২। বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করতে হবে।
৩। সপ্তাহে সাতদিন লাইব্রেরি খোলা রাখতে হবে।
৪। ছাত্রবৃত্তি বৃদ্ধি করতে হবে।
৫। শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
৬। মৌলবাদ- জঙ্গীবাদ প্রতিরোধে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিমার্ণ করতে হবে এবং সাংস্কৃতিক আয়োজন বৃদ্ধি করতে হবে।

