গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মন্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ।

এ সময় সিটি করপোরেশনের সচিব মো. আছলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমানসহ সব কাউন্সিলর, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে কোনো উদ্বৃত্ত নেই। নতুন করে কোনো করারোপ করা হয়নি। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপিভিত্তিক প্রকল্পের অনুদান থেকে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন এ সিটি করপোরেশনকে এগিয়ে নিতে তিনি সব কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

উল্লেখ, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর ওই বছর ১৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকায় এবার সিটি করপোরেশনের তৃতীয় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

  •  
  •  
  •  
  •  

Tags: