ভেসে আসা বন্যহাতিটি এখন জামালপুরের বিলে

নিজস্ব প্রতিনিধি:
ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা বন্যহাতিটি এখন রয়েছে জামালপুরের সরিষাবাড়ির একটি বিলে। দু’দিন পার হলেও, বনবিভাগ কোনো উদ্ধার তৎপরতা শুরু না করায়, হাতির আক্রমণ নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন বলছে বন্য হাতি থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করার পাশাপাশি এটিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গত ২৬ জুন ভারতের আসাম রাজ্যের শিংমাড়ি পাহাড় থেকে দলছুট হয়ে, উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের নয়াচরে। জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে গত ২০ জুলাই সিরাজগঞ্জের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ছুটে বেড়াতে দেখা যায় হাতিটিকে।

সবশেষ ঘুরতে ঘুরতে বুধবার রাতে বন্য হাতিটি আটকা পড়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বড়বাড়িয়া গ্রামের একটি বিলে। আশপাশের মানুষের শত চিৎকারে কোন ভ্রুক্ষেপ না করেই বিল থেকে ডাঙায় ওঠার চেষ্টা করে প্রাণিটি। এ অবস্থায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের সাধারণ মানুষ।

তবে জানমালের ক্ষতি এড়াতে হাতিটির গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে বলে জানান থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি ঢলে ভেসে আসা বন্য হাতিটি নিরাপদ আশ্রয় ও খাবারের খোঁজে দেশের বিভিন্ন জেলার লোকালয়ে বিচরণ করে বেড়াচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: