ঢাকা-যশোর রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে সরকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ’বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকা থেকে পাবনা এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া খুলনা-মোংলা রেলপথের কাজ চলছে।

রবিবার আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করতে আগরতলায় যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বিএনপি আমলে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। খালেদা জিয়া সরকার রেলওয়ের উন্নয়নের দিকে নজর দেননি। কিন্তু বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই এসব শেষ করা হবে। অচিরেই বাংলাদেশের আখাউড়া অংশে জমি অধিগ্রহণসহ রেললাইন নির্মাণের কাজ শুরু হবে।

মন্ত্রী আগরতলায় ভারতের কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুকে সঙ্গে নিয়ে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মন্ত্রী আরো বলেন, ’আখাউড়া-আগরতলা রেললাইন চালু হলে দু’দেশের ব্যবসা বাণিজ্যের আরো উন্নতি ঘটবে। দু’দেশের মানুষের মধ্যে যাতায়াত বৃদ্ধি পাবে।

আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে মন্ত্রীকে স্বাগত জানান, ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পৌর নিগমের মেয়র ড. প্রফুল্ল জিৎ সিনহা, ত্রিপুরা পশ্চিম জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডা. মিলিন রাম টেকে, ত্রিপুরা পশ্চিম জেলার পুলিশ সুপার (এসপি) অভিজিৎ সপ্তর্ষীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশের রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

  •  
  •  
  •  
  •