কুবি ছাত্রলীগ নেতা হত্যা মামলার অভিযুক্ত আসামি বিপ্লব আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার সকালে ঢাকার রামপুরা টিভি ভবনের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সকালে তিনি এবং গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সহিদুল ইসলামের নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ঢাকার রামপুরা থেকে আটক করতে সক্ষম হয়। আটকের পর বিপ্লব কে কুমিল্লার ৯ নং আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক ফাহাদ বিন আমিন চৌধুরী এর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যার কথা স্বীকার করে। আটক বিপ্লব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার সালমানপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দী তে বিপ্লব বলেছে, ইলিয়াস গ্রুপ হল দখলের উদ্দেশ্যে হামলা চালালে সে সহ তার দল প্রতিহত করতে গিয়ে দস্তাদস্তির এক পর্যায়ে গুলি চালায়। এতে কাজী খালিদ সাইফুল্লাহ নিহত হয়।

জানা যায় যে, আটক বিপ্লব শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই- এলাহীর গ্রুপের কর্মী।

উল্লেখ্য যে, শোকবহ ১ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী এবং কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়েল নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার সদর দক্ষিণ থানায় পহেলা আগস্ট একটি মামলা দায়ের করেন, পরবর্তী মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: