২১ জেলায় ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
পদ্মার অব্যাহত ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরিঘাট বিলিন হয়ে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে এ সব জেলার যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে এ রুটে যোগাযোগ বন্ধ রয়েছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় হাজারো যানবাহন আটকে রয়েছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।
আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকাল থেকে পাটুরিয়া- দৌলতদিয়ায় পদ্মা নদীতে ঢেউ আর তীব্র স্রোতের কারণে বন্ধ হয়ে গেছে রো-রো (বড়) ফেরি চলাচল। রাতভর দৌলতদিয়ার তিনটি ফেরি ঘাটের মধ্যে মাত্র একটি ঘাট দিয়ে যানবাহন উঠানামা করা হয়। কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে সকাল ৯টা নাগাদ সেটিও বিপর্যস্থ হয়ে পড়ায় এ রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যস্থাপক(বাণিজ্য) মো.শফিকুল ইসলাম জানান, শনিবার রাত থেকে এ ঘাট দুটিতে আসা শতাধিক দূরপাল্লার নৈশ কোচ আটকে রয়েছে। এ ছাড়া ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে হাজারো যানবাহন। ফেরিঘাটটি চালুর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

