সাদুল্যাপুরে কোচিং পরিচালকের ‘রহস্যজনক’ মৃত্যু
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
জেলার সাদুল্যাপুর উপজেলা শহরের কামারপাড়ার শ্রী রিপন সরকার (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পথে বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
রিপন সরকার সাদুল্যাপুর উপজেলা শহরতলীর কামারপাড়া (হিন্দুপাড়া) এলাকার মৃত্যু জোগেশ চন্দ্র সরকারের ছেলে। রিপন সরকার বাড়ির সামনে অবস্থিত ‘টুইনক্লাল কোর্চিং’ সেন্টারের পরিচালক।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে রিপন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রংপুর নেওয়ার পথে মৃত্যু হয় রিপনের।
এদিকে, স্থানীয়রা ধারণা করছে বিষ বা নেশা জাতীয় কোন কিছু পান করার ফলে রিপনের মৃত্যু হয়েছে। এছাড়া রিপনের মুখ দিয়ে রক্ত বের হওয়ায় মৃত্যুর বিষয় নিয়ে রহস্য দেখা দিয়েছে। তবে পরিবারের দাবী দুই দিন ধরে জ্বরসহ শারীরিক সমস্যায় ভুগছিল রিপন। অসুস্থ্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, রিপনের মৃত্যুর বিষয়টি তার জানা নাই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য- রিপন সাদুল্যাপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পুলক চন্দ্রের মেয়ে অপহরণ মামলার প্রধান আসামি। ওই মামলায় গ্রেফতার হয়ে কিছুদিন আগে রিপন জেলহাজত থেকে জামিনে আসেন।

