আফসানা হত্যার বিচার দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।
রবিবার দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিলটি জব্বারের মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি.এম. জিলানী শুভ, সহ-সভাপতি তন্ময় ধর, বাকৃবি সংসদের সভাপতি তানভীর আহমেদ রিয়াদ, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘আফসানা ফেরদৌসকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। এমনকি এই হত্যাকাণ্ডের ১১দিন অতিবাহিত হলেও পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেনি। উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।’ তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, আফসানা ফেরদৌস মিরপুরের সাইফ ইনস্টিটিউট ও ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন। তিনি ১১ আগস্ট নিখোঁজ হওয়ার পর ১৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহ পাওয়া যায়।

