তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত ও কমপক্ষে ৯৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সন্দেহ করা হচ্ছে।

গাজিয়ানটেপ শহরটি তুরস্ত ও সিরিয়া সীমান্তে অবস্থিত এবং কুর্দি অধ্যুষিত। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী এ সন্ত্রাসী হামলা চালিয়েছে।

সিরীয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার।

উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ‘ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব’।

শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে।

বিয়ের অনুষ্ঠানটি রাস্তায়ও ছড়িয়ে পড়ে, এমন সময় বোমা বিস্ফোরণের শব্দটি শহরের সকল প্রান্ত থেকে শোনা যায়।

গতবছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।

সূত্র: বিবিসি বাংলা

  •  
  •  
  •  
  •