ঝিনাইদহে হয়ে গেল ব্যতিক্রমধর্মী ঝাপান খেলা

ঝিনাইদহ প্রতিনিধি:
বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারওপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথাই নেই। এমনই এক ঝাপান খেলা (সাপ খেলা) অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামে।

প্রায় ৩ শ’ বছর ধরে এই গ্রামের বাগদি সম্প্রদায়ের মানুষ মনসা মঙ্গলের পূজা উপলক্ষে আয়োজন করে আসছে ঝাপান খেলা। প্রতি বছরের ন্যায় এবারও দুই দিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হয়েছে। মোট ৫টি দল অংশ গ্রহন করে।

বাদ্যের তালে তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরা সহ বিভিন্ন বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গান সহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সাথে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ।

ঝিনাইদহ, মাগুরা সহ বিভিন্ন এলাকার বৃদ্ধ, দৃদ্ধা, নারী-পুরুষ শিশু সকলেই উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বসে ছোট আকারের মেলা।

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাসী এই খেলা প্রতি বছরই আয়োজন করার দাবি দর্শকদের। তবে সাপুড়েরা বলছেন, খেলা দেখিয়ে যে পয়সা পাওয়া যায় তা দিয়ে জীবন চলে না।

মেলার আয়োজক জানান, আগামী বছর গুলোতেও আয়োজন করা হবে এই ঝাপান খেলার।

  •  
  •  
  •  
  •