পদ্মায় নৌকা ডুবিতে নিহতদের স্মরণে এলাকায় শোক ও দোয়া
নাটোর ও লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের পদ্মা নদীতে নৌকা ডুবিতে ৫ জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে বিলমাড়ীয়া ইউনিয়নে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এলাকার সকল শিক্ষা ও ব্যাবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ইউপি চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিজ, ইউপি সদস্য আহাদ আলী, আব্দুল খালেক, আশিকুর রহমান, মিনু খাতুন, ফজিলা খাতুন প্রমুখ।
উল্লেখ্য গত মঙ্গলবার নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে বুধবার বিকেল পর্যন্ত— ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ও একজন জীবিত ফিরে আসে।

