রাজধানীসহ ৭ বিভাগে ৩৭তম বিসিএস পরীক্ষা শুরু আজ

ডেস্ক নিউজ:
রাজধানী ঢাকাসহ দেশের সাতটি বিভাগে চিত্রা সেটের প্রশ্নপত্র দিয়ে ৩৭তম বিসিএস পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আগারগাঁও সরকারি কর্মকমিশন সচিবালয়ে লটারির মাধ্যমে বিসিএসের প্রশ্নপত্র ঠিক করা হয়।

লটারির আগে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও সম্মেলন করেন। লটারিতে প্রশ্ন নির্ধারণের পর তা ভিডিও সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা চাই বিসিএস পরীক্ষা স্বচ্ছভাবে হোক। এ কারণেই আমাদের সব আয়োজন। ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন জেলখানায় বসে পরীক্ষা দিচ্ছেন। প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী হাকিম আছেন। পুরো দুই ঘণ্টা তারা কেন্দ্রে পর্যবেক্ষণ করবেন।’

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাত ঘড়ি, পকেট ঘড়িও সঙ্গে আনা নিষেধ।

উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত আবেদন করেছেন প্রার্থীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: