নাটোরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ অপহরণকারী আটক

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অপহরণের সময় একটি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও একটি মোটর সাইকেলসহ অপহরণকারী সাদিকুর রহমান লিটনকে আটক করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীদের মারপিটে আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের তালতলা হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে শহরের র‌্যাব-৫ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিটককে উপস্থিত করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের তালতলা হাফরাস্তা এলাকায় ১৩/১৪ জনের একদল সসস্ত্র সন্ত্রাসী আশরাফুলের ইটভাটায় যায়। তারা আশরাফুলের কাছে ২৫লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারপিট করে আহত করে অপহরণের চেষ্টা চালায়।

খবর পেয়ে র‌্যাব-৫এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ সাদিকুর রহমান লিটনকে আটক করা হয়। পরে আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

  •  
  •  
  •  
  •