কুড়িগ্রামে অপহৃত শিশু আল আমিন সিরাজগঞ্জের কামারখন্দ থেকে উদ্ধার
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের মিস্ত্রী পাড়ার বিশিষ্ট ব্যবসায়ীর শিশু সন্তান আল আমিন অপহরনের ১৬ ঘন্টা পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় কামারখন্দ উপজেলার চৌবাড়ী বাজারের একটি দোকানের সামন থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত শিশু আল আমিনের পিতা আতাউল করিম স্বপন জানান, পুলিশি চাপের মুখে অপহরনকারীরা আমার গ্রামের বাড়ী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের বাজারে একটি দোকানের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঐ এলাকার বাসিন্দা আমার চাচাতো ভাই কবির তাকে উদ্ধার করে আমাকে জানায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান শিশুটি উদ্ধার হওয়ার কথা স্বীকার করে বলেন, কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। কুড়িগ্রাম থেকে তার পরিবারের লোকজন ও পুলিশ শিশুটিকে আনার জন্য সেখানে রওয়ানা দিয়েছে।
উল্লেখ্য গতরাত ৯ টার দিকে শহরের মিস্ত্রী পাড়ার ব্যবসায়ী আতাউল করিম স্বপনের বাসায় চেতনা নাশক প্রয়োগ করে ১ বছরের শিশু আল আমিনকে অপহরন করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপনের খালাতো বোন রানী খাতুন (২০)কে আটক করেছে পুলিশ।

