মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাদের গুলিতে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৫জন নিহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকা থেকে স্থানীয়রা পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তবে দেশটির সেনাবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে স্থানীয়রা তাদের উপর ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে তারা গুলি চালাতে বাধ্য হয়। তবে হেলিক্পটার থেকে গুলিবর্ষণের কথাও স্বীকার করেছে সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে শনিবার একটি সেনাদলের ওপরে এক অতর্কিত হামলায় দুজন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হবার পর, ঐ এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। একপর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে, সৈন্যদের সাহায্যার্থে দুটি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।
এদিকে মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। সংস্থাটির দাবি, অন্তত ৪৩০ টি ভবন অগ্নিদগ্ধ হয়েছে। স্যাটেলাইট থেকে তোলা এসব ছবি ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মদ্যে তোলা বলে দোবি করা হয়েছে।
রোহিঙ্গা আন্দোলনকর্মীদের দাবি, সরকার মুসলিম সংখ্যালঘুদের দেশ থেকে বের করে দিতে এভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে। রোহিঙ্গাদের ওপর হামলা প্রায়ই এ ধরণের অভিযান চালায় সেনাবাহিনী।
মিয়ানমারে অনেকেই মনে করেন রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। সূত্র: বিবিসি, আলজাজিরা

