সাঁতার কেটে সেনেগাল থেকে ব্রাজিলে যাত্রা করেছেন বেন হুপার
আন্তর্জাতিক ডেস্ক :
সাঁতার কেটে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা যাবেন যুক্তরাজ্যের প্রাক্তন পুলিশ কর্মকর্তা বেন হুপার। সেনেগাল থেকে ব্রাজিলে যাওয়ার জন্য রোববার আটলান্টিক মহাসাগরে নেমেছেন তিনি। এজন্য তিন বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছেন হুপার।
৩৮ বছরের হুপার সেনেগালের রাজধানী ডাকারের উপকূল থেকে রোববার সাঁতার শুরু করেছেন। ব্রাজিল যাওয়ার জন্য হুপারকে সাগরের ৩ হাজার ২০০ কিলোমিটার পথ সাঁতার কাটতে হবে। সফল হলে তিনিই হবেন সাঁতার কেটে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়া প্রথম ব্যক্তি। আগামী বছরের মার্চে স্থলভাগে পা রাখতে পারবেন তিনি।
হুপার জানিয়েছেন, তার ৮ বছর বয়সী মেয়েই তাকে এর জন্য অনুপ্রেরণা দিয়েছে। সাতারের আগে আটলান্টিকের বেলাভূমি থেকে মেয়ের জন্য এক বোতল বালি সঙ্গে নিয়েছেন তিনি।
তিনি জানান, পানি তার জীবনের একটি বড় অংশজুড়ে ছায়ার মতো ছিল। সাবেক এই ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বেলজিয়ামের একটি সুইমিংপুলে পাঁচ বছর বয়সে আমি প্রায় ডুবে যাচ্ছিলাম। তার পর থেকেই পানির সঙ্গে আমার সম্পর্ক।’

