ভারতে নোট বাতিলকে ঘিরে অবারও বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে বার বার বিতর্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মধ্য দিয়ে যা শুরু হয়, তা এখনও অব্যাহত রয়েছে। বরং এ বিষয়ে প্রতিদিনই কোনও না কোনও সিদ্ধান্ত-ঘোষণায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
নোটের কালোবাজারি আটকানোর টার্গেট নিয়ে কেন্দ্র মাঠে নামলেও, কার্যক্ষেত্রে ইতোমধ্যেই নোটের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও একই ব্যক্তি একাধিকবার টাকা বদলে নিচ্ছেন। কোথাও আবার মোটা কমিশন নিয়ে চলছে বাতিল নোট বদলির কাজ। ধাক্কা খাচ্ছে সরকারের উদ্দেশ্য। ভয়ঙ্কর চাপ বেড়েছে ব্যাংকগুলোর ওপরও।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ নভেম্বর রাতে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণে ঘোষণা করেন ওইদিন রাত ১২টা থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ এবং ১০০০ রুপির নোট। ভারতবাসীর কাছে ছিল আদ্যপ্রান্ত ‘সারপ্রাইজ’। বিষয়টি বুঝতেই সাধারণ মানুষের কয়েক ঘণ্টা সময় কেটে যায়। এদিকে, বড় নোট দুটি বাতিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এটিএম বুথগুলোতে জনতার লাইন পড়ে যায়। এরপর থেকে প্রতিদিনই কোনও না কোনও সিদ্ধান্ত-ঘোষণায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তিনি দেশের জনগণকে সরকারের পাশে থাকতে অনুরোধ করেছেন।
সূত্র: জিনিউজ

