কুড়িগ্রামে হাতির হানা, ফসল-ঘরবাড়ির ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি:
এক দল বন্য হাতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেয়ার চর সীমান্ত শনিবার রাতে অতিক্রম করে বাংলাদেশে এসে ফসল ও ঘরবাড়ির ক্ষতি সাধন করেছে।

এ ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী রাত জেগে ঢাক-ঢোল ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে ভোর রাতে হতিগুলো সীমানা অতিক্রম করে ভারতে ফিরে যায়।

এলাকাবাসী জানান, শনিবার রাত ১০টার দিকে ভারতীয় হাতির পালটি ভারতের কালাইয়ের চর সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে সীমান্ত লাগোয়া আলগার চর, লাঠিয়ালডাঙ্গার চর, খেয়ার চর ও ঝাইবাড়ী চর গ্রামের কয়েক বিঘা জমির ধান, সরিষাসহ ফসলের ব্যাপক ক্ষতি করে। এ সময় হাতিগুলো আলহার চরের জহুরুল ইসলামের বাড়িসহ কয়েকটি বাড়ির কাঁচা ঘর ভেঙে ফেলে। এ অবস্থায় গ্রামবাসী রাতভর ঢাক-ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতিগুলোকে তাড়াতে সক্ষম হয়।

খেয়ার চর এলাকার ইউপি সদস্য হায়দার আলী জানান, রৌমারী উপজেলা সীমান্ত লাগোয়া ভারতের গাড়হিল ও বলদাংগিরি পাহাড় রয়েছে। এসব সীমান্তের বেশিভার এলাকা অরক্ষিত থাকায় প্রায় সময় হাতির পাল প্রবেশ করে ফসল ও ঘরবাড়ির ক্ষতি করে চলে যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: