অর্ধশতাব্দী পর টোকিওতে বিরল তুষারপাত
আন্তর্জাতিক ডেস্ক :
অর্ধশতাব্দীরও বেশি সময় পর বিরল তুষারপাত দেখল জাপানের রাজধানী টোকিওর মানুষ।
এর আগে ১৯৬২ সালের নভেম্বর মাসে টোকিওতে তুষারপাত হয়। এর ৫৪ বছর পর বৃহস্পতিবার প্রথম তুষারপাত দেখল টোকিওবাসী।
নভেম্বর মাসে টোকিওতে সাধারণত তুষারপাত হয় না। এ মাসে টোকিওর তাপমাত্রা ১০ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কখনো কখনো তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। এ মাসে গড় তাপমাত্রা থাকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
টোকিওতে এই নভেম্বরে যে তুষারপাত হয়েছে, তা মাটিতে স্তূপাকারে দেখা গেছে। রেকর্ড অনুযায়ী, এর আগে কয়েকবার নভেম্বর মাসে তুষার পড়লেও তা মাটিতে স্তূপাকারে দেখা যায়নি সেই ১৮৭৫ সাল থেকে।
অস্বাভাবিকভাবে টোকিওর ওপর দিয়ে শৈত্য প্রবাহের কারণে তুষার পড়ছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। এতে গণপরিবহন ব্যবস্থায় সামান্য গোলযোগ সৃষ্টি হয়।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, তুষারপাতের কারণে রাস্তায় বরফ জমে থাকতে পারে, বৈদ্যুতিক তার ও গাছে তুষার দেখা যাবে এবং প্লাস্টিক দিয়ে তৈরি গ্রিনহাউসগুলোকে ধসে পড়তে পারে।
মাসারু মাচিদা নামে টোকিওর এক নাগরিক বলেন, ‘আমি বিব্রত।’ নাইট শিফটের কাজ শেষে বাসার উদ্দেশে হাঁটতে গিয়ে তুষারপাতের মুখে পড়েন তিনি। তার ভাষায়, ‘খুব বেশি আগাম হয়ে গেল (তুষারপাত)।’
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ টোকিওর রাস্তায় দুই সেন্টিমিটারের মতো তুষার জমতে পারে।
তথ্যসূত্র : বিবিসি ও টেলিগ্রাফ অনলাইন।

